× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রকিবুল ইসলাম আফ্রিদি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৪০ এএম

আমরা প্রতিহিংসার শিকার

রকিবুল ইসলাম আফ্রিদি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৪০ এএম

আমরা প্রতিহিংসার শিকার

সমিতির ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে চিত্রতারকা শাকিব খানের বহু ব্যবসাসফল সিনেমার পরিচালক বদিউল আলম খোকনসহ তিন চলচ্চিত্র পরিচালককে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বহিষ্কৃত অন্য দুই পরিচালক হলেন মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু। গত শনিবার অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সমিতির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করার দাবিতে আদালতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন। ওই মামলার প্রধান আসামি করা হয়েছিল প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। নির্বাচিত কমিটির বিরুদ্ধে খোকনের আইনি পদক্ষেপ ও মামলার বিষয়টি সমিতির ভেতরে তীব্র অসন্তোষের জন্ম দেয়। তার জের ধরে বহিষ্কারের সিদ্ধান্ত।

এছাড়া মামলায় খোকনের সহযোগী হিসেবে মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু সামাজিক মাধ্যমে সমিতির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণায় লিপ্ত ছিলেন বলে অভিযোগ ওঠে।

এই তিন পরিচালককে বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বিষয়টি এখন চর্চায়। তিন পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায় যে, বহিষ্কারের সিদ্ধান্তের আগে তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়নি। এই বহিষ্কার গঠনতন্ত্র পরিপন্থি বলে তারা জানিয়েছেন।

বিষয়টি নিয়ে বদিউল আলম খোকন বলেন, আমরা প্রতিহিংসার শিকার। শাহীন সুমন গং অনেক দিন ধরেই নিজেদের মতো করে সমিতি পরিচালনা করছে। এর প্রতিবাদ করার কারণে আমাদের সঙ্গে এমন আচারণ করা হলো।

নাম প্রকাশ না করার শর্তে পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সদস্য রূপালী বাংলাদেশকে বলেন, এই বহিষ্কারের সিদ্ধান্ত গঠনতন্ত্র পরিপন্থি। কারণ, একজন পরিচালককে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার আগে অভিযুক্ত সদস্যকে সাধারণত তিনবার লিখিত নোটিশ বা কারণ দর্শানোর চিঠি দিতে হয় এবং নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হয়। উত্তর সন্তোষজনক না হলে সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে নিতে হয়। তাও মোট সদস্যর এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে তা হতে হয়। তবে সাধারণ সভায় একশর অধিক সদস্য উপস্থিত থাকলেও তা নিয়ম অনুযায়ী হয়নি। সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে এই সিদ্ধান্ত নেওয়া।

প্রশ্ন রেখে এই পরিচালক আরও বলেন, ঘটনার পেছনে অনেক ঘটনা আছে। সবকিছু এখনই বলতে চাই না। তবে এই অনিয়ম নিয়ে অচিরেই মুখ খুলব। বদিউল আলম খোকন একজন নাম করা পরিচালক। তিনি উড়ে এসে জুড়ে বসেননি।

অন্যদিকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়ার কথা বলছেন পরিচালক রিয়াজুল রিজু। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় যারা এর বিরোধিতা করেছিল, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছি। আমি জুলাই অভ্যুত্থানে আহত গেজেটভুক্ত একমাত্র চলচ্চিত্র পরিচালক। সেই বিবেচনায় আমাকে বহিষ্কার নয়, বরং সংবর্ধনা দেওয়া উচিত ছিল।

পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, বহিষ্কারের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এমনকি এ বিষয়ে কোনো নোটিশও পাননি।

শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’-সহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বদিউল আলম খোকন। অন্যদিকে, রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পান। আর মেঘ ‘ময়না’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। সামনে নতুন সিনেমা নির্মাণ ও প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!