ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শ্রাবণের ঢাকায় সুরের মেলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৩৩ এএম
ছবি : অনুপম রায়, জয় শাহরিয়ার, শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা

সাংস্কৃতিক রাজধানী ঢাকা যেন এক সুরের সমুদ্রে রূপ নিয়েছে। গত কয়েক বছর ধরে নানা রাজনৈতিক অস্থিরতা, ভেন্যু সংকট আর প্রশাসনিক অনুমতি জটিলতায় ঝিমিয়ে পড়া লাইভ মিউজিকের জমজমাট আবহ এবার শতভাগ ফিরে এসেছে। ঢাকার একাধিক ভেন্যুতে ব্যাক-টু-ব্যাক কনসার্ট নিয়ে মেতে উঠেছেন শ্রোতারা। লাইভ মিউজিকে জমজমাট ঢাকা ফিরছে সেই চেনা উন্মাদনায়। সুরের সমুদ্রে ৯ দিনে ৬ মেগা কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।

গত বছর নিরাপত্তার কারণে বাতিল হওয়া বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ অবশেষে গতকাল অনুষ্ঠিত হয়েছে। তবে বৃষ্টি ও মাঠ কাদা হওয়ার কারণে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করে ৩০০ ফিট থেকে মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্টসাইড-এ স্থানান্তর করা হয়। দুপুর ১টায় গেট খোলার পর সন্ধ্যায় পাকিস্তানের কিংবদন্তি গায়ক আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতান দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

একই দিন রাতে আতিফ আসলামের শো-এর সমান্তরালে রাজধানীর অন্য প্রান্তে দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। ছয় দশকেরও বেশি সময় ধরে সুরে মুগ্ধ করেছেন কোটি শ্রোতাকে। পেয়েছেন অগণিত ভালোবাসা আর করতালি। তবু তার দীর্ঘ সংগীতজীবনে একটি অপূর্ণতা ছিলÑ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে কখনো একক সংগীতানুষ্ঠান করা হয়নি। অবশেষে ৬২ বছরের ক্যারিয়ারে সেই অপেক্ষার অবসান হয়েছে গতকাল, প্রথম একক সংগীতানুষ্ঠান নিয়ে মঞ্চে উঠেন রুনা লায়লা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এই একক সংগীতানুষ্ঠান। এই আয়োজনের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।

এদিকে, আগামী ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় তরুণদের প্রিয় জুটি শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা মেলোডিয়াস গান নিয়ে হাজির হচ্ছেন তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে। এর টিকিট মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।

পরের দিন অর্থাৎ, ৩১ জুলাইয়ের ডাবল ট্রিবিউট ধামাকা। একই দিনে দুটি হাই-প্রোফাইল ট্রিব্যুট শো হতে যাচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে দেশের শীর্ষ রক ব্যান্ড ওয়ারফেজ আয়োজন করছে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ (টিকিট ১,৫০০ থেকে ৫ হাজার টাকা)। অন্যদিকে, বনানীর বাটারনোট ক্যাফেতে অঞ্জন দত্তকে উৎসর্গ করে হবে বিশেষ আসর ‘একদিন বৃষ্টিতে বিকেলে’, যেখানে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা। টিকিটের দাম ৭০০ টাকা ও ১ হাজার টাকা (অন স্পট)।

পহেলা আগস্ট এই উৎসবমুখর সপ্তাহের ইতি টানবেন কলকাতার জনপ্রিয় জীবনমুখী গায়ক অনুপম রায় ও তার ব্যান্ড। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে (টঈঈ) অনুষ্ঠিত হতে যাওয়া এই ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টটি জুনে স্থগিত হওয়ার পর এই নতুন তারিখে ফিরছে।