× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জনাব আলী, রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:১৮ এএম

বেহাল সড়কে অবরুদ্ধ জীবন

জনাব আলী, রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:১৮ এএম

বেহাল সড়কে অবরুদ্ধ জীবন

  • তিন হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল
  • বর্ষা মৌসুমে কাদা ও পানিতে অচল হয়ে পড়ে
  • রোগী, শিক্ষার্থী ও শ্রমজীবীরা পড়ছেন চরম দুর্ভোগে

রাজশাহী জেলার বাগমারা উপজেলার নিচু কাতিলা এলাকায় প্রায় তিন হাজার মানুষের বসবাস। কৃষিকাজ, ক্ষুদ্র ব্যবসা, দিনমজুরি ও শিক্ষানির্ভর কর্মকা-ে যাতায়াতের একমাত্র ভরসা নাগা বাজার-মৌলভীভিটা সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা ও কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি রাস্তার বেহাল দশা নয়; বরং দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের নগ্ন উদাহরণ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাতিলা গ্রামের কিনুর মোড় এলাকায় অবস্থিত নাগা বাজার স্থানীয় বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। উপার কাতিলা ও নিচু কাতিলা, এই দুই অংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই বাজার থেকেই আশপাশের গ্রামের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। নাগা বাজার থেকে মৌলভীভিটা পর্যন্ত প্রায় ১২০০ মিটার দীর্ঘ সড়কটি দৈর্ঘ্যে ছোট হলেও গুরুত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সড়ক মৌলভীভিটার মাধ্যমে ভবানীগঞ্জ বাজার ও বীরকুৎসা সড়কের সঙ্গে যুক্ত হয়ে একটি ত্রিমুখী যোগাযোগব্যবস্থা তৈরি করেছে।

ভৌগোলিকভাবে নিচু এলাকায় অবস্থিত হওয়ায় বর্ষা মৌসুমে এই সড়কে নিয়মিত জলাবদ্ধতা সৃষ্টি হয়। বছরের বড় একটি সময় কাদা ও পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সব শ্রেণির মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর অভিযোগ, বাগমারার বহু প্রত্যন্ত অঞ্চলের রাস্তা পাকা হলেও গুরুত্বপূর্ণ এই সড়কটি বছরের পর বছর অবহেলিত রয়েছে।

নিচু কাতিলা এলাকার বাসিন্দা মাহিনুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম এলেই নাগা বাজার-মৌলভীভিটা সড়ক কার্যত অচল হয়ে পড়ে। কাদা ও পানিতে পিচ্ছিল রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগী, গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা। জরুরি রোগীকে বাজার বা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় বাঁশের খাট বা ভ্যানগাড়িতে করে রোগী বহন করতে হয়, যা অমানবিক ও ঝুঁকিপূর্ণ।

এলাকায় স্কুল, মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না এবং বয়স্করা ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে বাধাগ্রস্ত হন। স্থানীয়দের অভিযোগ, বিগত বছরগুলোতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি একাধিকবার সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এলাকাবাসীর দাবি, নিচু এলাকা, জেলার শেষ সীমান্তে অবস্থান এবং রাজনৈতিক অগ্রাধিকারের অভাবে তারা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই সড়কটি পাকা হলে অন্তত তিনটি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবে। নওগাঁ ও নাটোর জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকা- আরও গতিশীল হবে।

এ বিষয়ে বাগমারা উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, বর্তমানে দেশে নির্বাচিত সরকার না থাকায় বড় প্রকল্পের সংখ্যা সীমিত। ফলে সব সড়কের কাজ এক সঙ্গে করা সম্ভব হচ্ছে না। তবে নাগা বাজার-মৌলভীভিটা সড়কটি জনবহুল এলাকায় হওয়ায় এটি পাকা করার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!