ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মানিকগঞ্জে দুই এলপিজি ডিলারকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৭:০০ এএম

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ও রসিদ না দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে দুই এলপিজি ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে শুরু হওয়া অভিযানে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে মেসার্স মিলেনিয়াম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা এবং রাইয়ান ট্রেডার্সকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি এবং ক্রেতাদের রসিদ না দেওয়া আইনত দ-নীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়।

অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি সামসুন্নবি তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার দৈনিক রূপালী বাংলাদেশে ‘মানিকগঞ্জে ১২৫৩ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়’ শিরোনামে এলপিজি গ্যাসের সংকট ও অতিরিক্ত দামে বিক্রির বিষয়ে সংবাদ প্রকাশ হয়।