বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে জাল টানার সময় জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধরা হলেনÑ নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮)। পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানাধীন এফবি জাহিদ নামে একটি ট্রলারে এ ঘটনা ঘটে। ট্রলারটিতে ১৪ জন জেলে ছিলেন, তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হন। গত শনিবার দিবাগত রাত ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নুর আলম খানের বাড়ি বড় টেংরা গ্রামে এবং শাহজাহান মিয়ার বাড়ি বাদুরতলা গ্রামে। ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর রোববার রাত ১১টার দিকে ট্রলারটি মহিপুর ঘাটে পৌঁছায়।
ট্রলারের মাঝি ফারুক মাঝি জানান, ‘শনিবার রাত ৪টার দিকে নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কিছু বুঝে ওঠার আগেই আমাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে জেলেরা দিকবিদিক ছোটাছুটি করলে দুজন গুলিবিদ্ধ হন। ট্রলারের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘নুর আলম খানের পিঠে এবং শাহজাহান মিয়ার বাম চোখের নিচে গুলি লাগে। পরে আমরা দ্রুত মহিপুর ঘাটে এসে কলাপাড়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করি।’ বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সাগরে জলদস্যুদের গুলিতে জেলেরা আহত হয়েছেন। তবে কোন জলদস্যু বাহিনী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ চিকিৎসকদের সঙ্গে কথা বলা সম্ভব না হলেও বাংলাদেশ কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

