কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট (মাইজহাটি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সাব্বির উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে এবং কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

