রংপুর অঞ্চলে অসময়ের বৃষ্টি ইটভাটা খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ঈদের এক সপ্তাহ আগে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে বিভিন্ন ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট মাটিতে মিশে গেছে। এতে ভাটা মালিকদের কোটি টাকার ক্ষতির পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক।
সরেজমিন বিভিন্ন ইটভাটা ঘুরে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে কাঁচা ইট শুকানোর আগেই নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অনেক ভাটায় কাজ বন্ধ হয়ে গেছে। প্রতিটি ভাটায় গড়ে ২০০ থেকে ৩০০ শ্রমিক কাজ করেন, যাদের বেশির ভাগই দিন আনা দিন খাওয়া মানুষ। কাজ বন্ধ থাকায় তারা এখন ধার-দেনা করে সংসার চালাতে বাধ্য হচ্ছেন।
পীরগঞ্জ উপজেলায় মোট ৫২টি ইটভাটার মধ্যে প্রায় ৪০টি বর্তমানে চালু রয়েছে। এসব ভাটায় হাজারো শ্রমিক কাজ করেন। কিন্তু টানা বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রমিকদের বড় একটি অংশ কর্মহীন হয়ে পড়েছে।
ভাটা মালিকরা জানান, অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই ঋণ নিয়ে ভাটা পরিচালনা করছেন, ফলে এই ক্ষতি তাদের জন্য বড় ধাক্কা। চতরা ইটভাটার মালিক হাবিবুর রহমান হাবিব বলেন, গত দুই সপ্তাহ ধরে আবহাওয়া অনুকূলে ছিল না। এক দিন ভারি বৃষ্টি হলে মাঠ শুকাতে প্রায় এক সপ্তাহ সময় লাগে। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।
তিনি আরও বলেন, শুধু শ্রমিক নয়, মালিকদেরও বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে আবারও কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে শ্রমিকরা বলছেন, কাজ বন্ধ থাকায় তাদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। এক দিন কাজ না করলে সংসার চলে না, সেখানে টানা বৃষ্টিতে কাজ বন্ধ থাকায় তারা চরম সংকটে পড়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন