ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাড়িঘর ভাঙচুর

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৪৫ এএম

রংপুরের মিঠাপুকুরে এক দৃষ্টিপ্রতিবন্ধীর বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লোকমান মিয়া ও তার পরিবার গতকাল বৃহস্পতিবার মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ জানান। লিখিত বক্তব্যে জানানো হয়, আসাদ, শাহাবুল, সাজ্জাদসহ একদল ব্যক্তি লোকমানের বাড়িঘর ভাঙচুর করে তাকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছেন। ভুক্তভোগী লোকমান জানান, অতীতে ভুল পথে থাকলেও বর্তমানে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। অথচ তার দুর্বলতার সুযোগ নিয়ে একটি পক্ষ টাকা দাবি করছে এবং মাদকসংশ্লিষ্টতার মিথ্যা অভিযোগ তুলে তাকে উচ্ছেদের পাঁয়তারা করছে। বর্তমানে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, সম্পদ দখলের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।