ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাসমান কচুরিপানার স্তূপ ঘিরে শত মানুষের ভিড়

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:২৫ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বকুলতলা ব্রিজের নিচে ফুলজোড় নদীতে জমে থাকা বিশাল কচুরিপানার স্তূপকে ঘিরে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী এক দৃশ্য। নদীর মাঝামাঝি কচুরিপানার ওপর অস্থায়ীভাবে গড়ে উঠেছে কয়েকটি ভ্রাম্যমাণ দোকান। এতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন নানা বয়সি মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় কয়েকদিন ধরে বিপুল পরিমাণ কচুরিপানা এক জায়গায় জমে বড় আকার ধারণ করে। পরে কিছু স্থানীয় ব্যবসায়ী সেখানে অস্থায়ীভাবে চা, চানাচুর, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকান বসান। এতে এলাকাজুড়ে সৃষ্টি হয় কৌতূহল।

বিকেল হলেই সেখানে মানুষের সমাগম বাড়তে থাকে। শিশু-কিশোররা খেলাধুলায় মেতে ওঠে, অনেকে পরিবার নিয়ে ঘুরতে আসেন। কেউ হাঁটাহাঁটি করেন, আবার কেউ ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।

স্থানীয় বাসিন্দা মো. মফিজুল ইসলাম দলু বলেন, ‘নদীর ওপর এমন কচুরিপানার স্তূপ আগে খুব একটা দেখা যায়নি। তাই আশপাশের এলাকা থেকেও মানুষ এটি দেখতে আসছেন।’

ছাত্রনেতা মো. জুয়েল বলেন, ‘বিকেলে এখানে অনেক মানুষের ভিড় হয়। এটি বিনোদনের জায়গা হয়ে উঠেছে। তবে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

স্বেচ্ছাসেবী আল আমিন বলেন, ‘কচুরিপানার স্তূপের ওপর অতিরিক্ত মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকা উচিত।’ স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ ও সিয়াম বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত কচুরিপানা অপসারণ জরুরি। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।