ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৪৭ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট ভেঙে পড়ায় চরম ঝুঁকি ও আতঙ্ক নিয়ে চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ। দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

জানা গেছে, হোসেনপুর উপজেলা থেকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া হয়ে পুলেরঘাট অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কের ঠাডারকান্দা বাজারসংলগ্ন কালভার্টটি মাঝখান থেকে ভেঙে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্ট পার হতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটির মাঝের অংশ ধসে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এলাকাবাসী নিজেদের উদ্যোগে সাময়িক কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলেও স্থায়ী সমাধানের অভাবে বাড়ছে দুর্ভোগ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বিশেষ করে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় উদ্বেগ আরও বেড়েছে। ভারী বৃষ্টিপাত ও পানির স্রোতে কালভার্টটির অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি। তাই দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন বলেন, ‘সংশ্লিষ্টদের বারবার বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুত সমাধান হবে।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস মুঠোফোনে জানান, সেখানে নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি আপাতত দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।