কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ির আঙিনায় একটি আমগাছে আম পাড়তে ওঠেন কৃষক আসমত আলী। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পর্শ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

