রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেনÑ উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ মে) দিবাগত রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন মিলে মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বিষাক্ত মদ্যপানের বিষয়টি তখন বুঝতে না পারায় দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়ার আগেই দুইজনের মৃত্যু হয় এবং সোমবার চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য একজন নিজ বাড়িতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, ‘তারা মদ্যপান করেই অসুস্থ হয়ে মারা গেছে। বিষয়টি গোপন করার চেষ্টা করা হচ্ছে বলে শুনেছি।’ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিঠাপুকুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) এরশাদ হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

