× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৩৩ এএম

ব্যবসায়ীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৩৩ এএম

ব্যবসায়ীকে লক্ষ্য করে  তিন রাউন্ড গুলি

যশোরের বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকায় ব্যাবসায়িক লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে সোহাগ হোসেন (৩৬) নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ হোসেন বড়আঁচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি বর্তমানে চেকপোস্ট এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়া বাসায় বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি জানালার কাচ ভেদ করে ঘরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজা ভেদ করে বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী সোহাগ হোসেন দাবি করেন, একই এলাকার ‘আশা’ নামের এক ব্যক্তির কাছে তার ব্যাবসায়িক লেনদেনের প্রায় ৫০ লাখ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাওয়ায় তিনি বিভিন্ন সময় হুমকির মুখে ছিলেন।

তিনি জানান, শুক্রবার রাতে অফিস থেকে বাসায় ফেরার কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জনের একটি দল তার বাড়িতে আসে। তারা ঘরে প্রবেশের চেষ্টা করে এবং ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে জানালা ও দরজায় তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তিনি ঘরের ভেতরে অবস্থান করায় প্রাণে রক্ষা পান। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা জানান, রাতে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ব্যাবসায়িক লেনদেন-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!