পাবনার সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা সাত দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। এদিকে প্রেমিকার অবস্থানের খবর পেয়েই বাড়ি থেকে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা।
গতকাল শনিবার উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়া গ্রামে অভিযুক্তের বাড়িতে ওই শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা গেছে। অভিযুক্ত বিপ্লব ওই গ্রামের মালয়েশিয়া-প্রবাসী শফি মোল্লার ছেলে এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। ভুক্তভোগী তরুণী সুজানগর উপজেলার বোনকোলা কলেজের ছাত্রী।
ভুক্তভোগী কলেজছাত্রী জানান, গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিপ্লব বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একসঙ্গে ঘোরার ছবিসহ সব প্রমাণ তার কাছে রয়েছে। এখন বিপ্লব বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় বাধ্য হয়ে গত রোববার থেকে তিনি এই বাড়িতে অবস্থান নিয়েছেন। সম্মান রক্ষার্থে বিয়ে ছাড়া তার আর কোনো পথ নেই উল্লেখ করে তিনি বলেন, বিপ্লব বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে সর্বনাশ করেছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এদিকে স্থানীয় সমাজসেবক সান্টু মোল্লা জানান, বিষয়টি জানার পর গণ্যমান্য ব্যক্তিরা উভয় পরিবারের সঙ্গে বসে এক সপ্তাহের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ছেলে পলাতক থাকায় তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বিপ্লবের মা বিউটি খাতুন জানান, ছেলে পলাতক থাকায় তিনি মেয়েটিকে খাবার ও থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তবে মেয়েটির পরিবারের সঙ্গে তাদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে বলেও তিনি দাবি করেন।
পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন