কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু, গাঁজা ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় গবাদিপশু, গাঁজা ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বলেও জানানো হয়। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

