নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫৯ বোতল স্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শহিদ হোসেন যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নড়াইল সদর থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের এক যাত্রী শহিদ হোসেনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে দুইটি কার্টনের ভেতর থেকে ৫৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

