ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদির সমর্থক মিন্টু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৩৩ এএম

ফুটবল বিশ্বকাপ ঘিরে কত শত উন্মাদনার গল্পই না শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটেছে এক হাস্যরসাত্মক ঘটনা। দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিলের সমর্থন ছেড়ে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে সৌদি আরব ফুটবল দলের সমর্থক হয়েছেন মো. মিন্টু মিয়া। ব্যতিক্রমী এই দলবদলের ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌর এলাকার ঐতিহ্যবাহী খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এই অভিনব কা- ঘটে। মিন্টু মিয়া পৌর শহরের টানপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ব্রাজিলের কড়া সমর্থক হিসেবে পরিচিত মিন্টু মিয়া মঙ্গলবার বিকেলে মাজার প্রাঙ্গণে উৎসুক জনতার সামনে একটি সেভেন-আপের খালি বোতলে দুধ ভর্তি করেন। এরপর সেই বোতল থেকে নিজের মাথায় ও শরীরে দুধ ঢেলে গোসল সম্পন্ন করেন। গোসল শেষে নিজেকে ‘পবিত্র’ ঘোষণা করে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে দলটির প্রতি আনুষ্ঠানিক সমর্থন প্রকাশ করেন। তার এই কা- দেখতে মাজার প্রাঙ্গণে ভিড় জমায় শত শত মানুষ। পরে দল পরিবর্তনের খুশিতে স্থানীয় সৌদির সমর্থকদের নিয়ে একটি আনন্দ মিছিলও বের করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের অনেকেই মজা করে এটিকে ‘আখাউড়ার সবচেয়ে বড় ফুটবল ট্রান্সফার’ বলে মন্তব্য করেছেন।

দল পরিবর্তনের বিষয়ে মিন্টু মিয়া বলেন, ‘ব্রাজিলকে অনেক দিন সমর্থন করেছি। কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ নিতে চাই। তাই সৌদি আরবের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ নতুন দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আজ (১১ জুন) সৌদি আরবের ৫০০ ফুট দীর্ঘ একটি বিশাল পতাকা প্রদর্শনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাকদির খান খাদেম বলেন, ‘মিন্টু ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দল পরিবর্তন করেছে। আমরা তার এই আগ্রহকে স্বাগত জানাই। এতে ফুটবল ঘিরে মানুষের উৎসবের আমেজ আরও বেড়েছে।’

স্থানীয়দের মতে, দুধ দিয়ে গোসল করে এক দল ছেড়ে অন্য দলের সমর্থক হওয়ার এমন অভিনব ও মজার ঘটনা আখাউড়ায় এর আগে কখনো দেখা যায়নি।