কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল তার প্রবাসী বন্ধু রুবেলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় রুবেল মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

