নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকার মুন্সি দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজি অটোরিকশাচালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই এলাকার সিএনজি অটোরিকশাচালক মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে কেশারপাড়ের মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

