সিলেটের বিশ্বনাথে হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি মোশাহিদ ওরফে রাজুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
পুলিশ জানায়, রাজুর বিরুদ্ধে ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও বিশ্বনাথ থানায় হত্যা, ডাকাতি, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা ও দুটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিনের পলাতক এই আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালায় পুলিশ। বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

