পটুয়াখালীর দুমকিতে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেণু (পোনা) জব্দ করেছে মৎস্য বিভাগ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এই রেণুর চালানটি জব্দ করা হয়। জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
স্থানীয় ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাকে করে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পরিবহন করা হচ্ছিল। ট্রাকটি পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা ট্রাকটি আটকে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪৩ ড্রাম রেণু জব্দ করেন। তবে অভিযানের সময় রেণু ব্যবসায়ী ও ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ইউএনওর উপস্থিতিতে মৎস্য বিভাগের কর্মকর্তারা জব্দকৃত বিপুল পরিমাণ রেণু পায়রা সেতুসংলগ্ন নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন।
ইউএনও মো. মাহফুজুর রহমান বলেন, পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে সংগৃহীত ও পরিবাহিত রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

