নাটোরের সিংড়া পৌরসভায় অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ‘সিংড়া পৌর সচেতন নাগরিক কমিটি’। গতকাল বুধবার সকালে সিংড়া কোর্ট মাঠ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান বলেন, পৌর কর্তৃপক্ষের এই কর নির্ধারণ অমানবিক ও সাধারণ মানুষের জন্য বোঝা। নাগরিক সুবিধা নিশ্চিত না করেই বারবার কর বাড়ানো পৌরবাসীর সঙ্গে প্রহসন। বক্তারা অবিলম্বে অযৌক্তিক কর প্রত্যাহার করে পূর্বের হার বহালের দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

