ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:১৩ এএম

শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩৩ টন ১শ কেজি সরকারি চালসহ গোডাউন মালিককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌর শহরের চাপাতলি এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে চালসহ ওই অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৩ হাজার ১শ কেজি চালসহ গোডাউন মালিক শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে বোরহান উদ্দিনকে আটক করা হয়। এ ছাড়াও চলতি বছরের জুন মাসের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য গুদামের সিল দেওয়া বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাপাতলী এলাকায় জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান পরিচালনা করি। এ সময় সেখানে সরকারি ৩০ কেজির বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় স্থানান্তরের সময় হাতেনাতে গোডাউন মালিককে আটক করি। পরে গোডাউনে থাকা ৩৩ হাজার ১০০ কেজি চাল এবং ২০২৪ থেকে ২০২৬ সালের বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, মধ্যরাতে সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চাপাতলী এলাকায় এই গোডাউনে অভিযান পরিচালনা করি। এখানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি চালসহ গোডাউন মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। যেহেতু চালের পরিমাণ বেশি, তাই এ বিষয়ে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দিয়েছি। পরবর্তীতে বিজ্ঞ আদালত বিষয়ে সিদ্ধান্ত নেবেন।