ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার আড়পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে রিপন, শিবলু, মিলনসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করে এবং পরিবারের নারী সদস্যদেরও মারধর করে। এ সময় বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার ছয়জনের নাম উল্লেখসহ আরও ১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

