ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

রেস্তোরাঁর কর্মচারীর সঙ্গে বিরোধের জেরে ভাঙচুর

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:২১ এএম

রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে একটি রেস্তোরাঁয় কর্মচারীর সঙ্গে গ্রাহকের বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. ফয়েজ নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণে আহত পুলিশ সদস্য মো. ফয়েজের পায়ে আঘাত লাগে। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন তরুণ বিনোদপুর বাজারের একটি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে রেস্তোরাঁর এক কর্মচারীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে ওই তরুণরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ সদস্য ফয়েজ আহত হন।

বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে জানতে পারেন, রেস্তোরাঁয় খাবার খেতে আসা এক ব্যক্তির সঙ্গে কর্মচারীর বাকবিত-ার জেরে কয়েকজন এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাত সাড়ে ১০টার মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষ হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।