ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ইলিশ। দুই কেজি ৮০০ গ্রাম ওজনের এ মাছটি নিলামে বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। আড়তের ম্যানেজার নাহিদ জানান, শনিবার সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝিসহ কয়েকজন জেলে রামনেওয়াজ-সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় তাদের জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। উপকূলের জেলে ও মৎস্য আড়তদাররা বড় সাইজের ইলিশকে ‘রাজা ইলিশ’ বলে থাকেন। মৎস্যঘাটের ব্যাপারী আইয়ুব পাটোয়ারী জানান, ব্যবসায়ীদের উপস্থিতিতে মাছটি আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ ৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী। রাজিব চৌধুরী জানান, ঢাকার পাইকারি আড়তে বড় আকারের ইলিশের চাহিদা বেশি। তিনি আশা করছেন, মাছটি ঢাকার বাজারে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন। মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, প্রতিবছরই ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

