আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২৬-এ ছেলেদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাকৃবি এই শিরোপা ঘরে তোলে। এবারের আসরে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
বাকৃবির প্রতিনিধিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম। দলটির ম্যানেজার হিসেবে ছিলেন শিক্ষক ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাহীন আলম ডন। রোমাঞ্চকর ফাইনালে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিশ্চিত করেন বাকৃবি প্রতিনিধিরা। দলের ম্যানেজার ড. মো. আনিছুর রহমান মজুমদার এই অর্জনে আনন্দ প্রকাশ করে খেলোয়াড়দের পরিশ্রমের প্রশংসা করেন। বাকৃবির এই সাফল্য ক্যাম্পাসের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

