বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। গত রোববার জোহরের নামাজের সময় উপজেলার আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল সরদার (৩৫) আন্দারমানিক গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। তিনি পেশায় সৌদিপ্রবাসী ছিলেন। প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে ফেরেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নজরুল সরদারের সঙ্গে তার বড় ভাই হারুন সরদারের বিরোধ চলছিল। রোববার জোহরের নামাজের সময় নজরুল মসজিদে নামাজ আদায় করছিলেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে হারুন সরদার তাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন, পথিমধ্যে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মসজিদে উপস্থিত অধিকাংশ মুসল্লি প্রবীণ হওয়ায় অভিযুক্তকে প্রতিরোধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন