আসন্ন আমন মৌসুমে আবাদ বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কৃষি প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁঞা। উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে প্রদান করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন