পিরোজপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানের বিষয়ে দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মোহাম্মদ আল-আমিন শেখ এবং আলী হোসেন (৪০)। পুলিশ সুপার জানান, কদমতলা বাজার এলাকা থেকে মেহেদী ও আল-আমিনকে সন্দেহভাজন হিসেবে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টোনা ইউনিয়নের তেতুলতলায় আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন