টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিতা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের নল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভূঞাপুর থেকে জামালপুরগামী মোটরসাইকেলটির সঙ্গে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিতা আক্তার নিহত হন। তার স্বামী সাখাওয়াত হোসেন (৬০) ও ছেলে আরিফ (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন