ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

স্ত্রীসহ স্পাইডার শামীম কারাগারে

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:১৭ এএম

যশোরের কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’কে স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার পুলিশের যৌথ অভিযানে শহরের শেখহাটি জামরুলতলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে এই দম্পতিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার শামীম যশোর শহরের শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন ভোরে শহরের কাজীপাড়া আমির আলী গার্ডেন এলাকার একটি বাড়ির বাথরুমের এক্সহস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ল্যাপটপ, প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ছিল। এ ঘটনায় বাড়ির মালিক রেজাউল ইসলাম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ চুরির সঙ্গে শামীমের সম্পৃক্ততা নিশ্চিত হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে তার স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিকেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম চুরির কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্ত্রী বৃষ্টির কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ‘স্পাইডার শামীম’ দীর্ঘদিন ধরে যশোরে সংঘবদ্ধ চুরি চক্রের সক্রিয় সদস্য। এর আগে একাধিকবার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। এমনকি পুলিশ সদস্যদের বাসায় চুরির ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জামিনে মুক্তি পেয়েই তিনি আবারও চুরির সঙ্গে জড়িয়ে পড়েন।