ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

৮ বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:০৫ এএম

দীর্ঘ আট বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে গতির সঞ্চার হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে। প্রশাসনিক জটিলতা ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার ধীরগতির কারণে থমকে থাকা এই প্রকল্পটির অবকাঠামো উন্নয়ন কাজের প্রথম ধাপ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো।

গতকাল রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রকল্পের সাইনবোর্ড স্থাপন ও কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক ও মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো. হারুন-অর-রশিদ।

প্রকল্প পরিচালক জানান, ইসলামপুর গাছতলা মৌজায় প্রায় ৩০ দশমিক ২ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে জমির মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী তিন মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ বিতরণ শুরু হবে। এরপরই হাসপাতাল ও মেডিকেল কলেজের ভবন নির্মাণের মূল কাজ শুরু হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকেই এই প্রকল্পটিকে আমি অগ্রাধিকার দিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কয়েক দফা আলোচনার মাধ্যমে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে।’

তিনি আরও আশ্বস্ত করেন, জমি হারানো মালিকরা আইন অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন। কোনো ধরনের মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি জেলা প্রশাসনের মাধ্যমে এই অর্থ পাওয়ার প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। কোনো জটিলতা দেখা দিলে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু চাঁদপুরের মানুষ নয়, পার্শ্ববর্তী জেলাগুলোর বাসিন্দারাও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে রাজধানীমুখী রোগীর চাপ উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীনসহ জেলা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহমেদ কাজল।