ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যা, আটক ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৩৬ এএম

নোয়াখালীর কবিরহাটে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত ফারুক সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় তেঁতুলতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতা মো. আরশাদ ওরফে আকাশ (২৪) ও মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯) নামে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।

নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত আকাশ এলাকায় চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। গত মঙ্গলবার রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে ছাত্রদল নেতা জহিরের সঙ্গে আকাশের মাদকসেবন নিয়ে বাগবিত-া হয়। সে সময় ফারুক প্রতিবাদ করলে আকাশ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেন। এরই জের ধরে বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তেঁতুলতলা বাজার সংলগ্ন এলাকায় পেছন থেকে অতর্কিতভাবে ফারুকের মেরুদ-ে ছুরিকাঘাত করেন আকাশ ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকসেবনের প্রতিবাদ করার কারণেই এই হত্যাকা- ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।