কিশোরগঞ্জের নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় কাছুম আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শনিবার গভীর রাতে উপজেলার ছাতিরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে বাধা দেওয়ায় স্থানীয় কাছুম আলীর সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। শনিবার রাতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আতঙ্কিত হয়ে কাছুম আলী মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

