মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদ্রাসা থেকে হাসাইন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। সে গাংনী এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, রোববার সকালে অন্য শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ফুলবাগানে কাজ করছিল। এ সময় হাসাইনের নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

