ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৯ এএম

বিশ্বকাপ ফুটবল ফাইনালে প্রিয়দল হেরে যাওয়ার শোকে সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার পৌর শহরের রসুলপুর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান লালটু ওই এলাকার আনছার আলীর ছেলে। জানা যায়, নিহত লালটু ফুটবলের কট্টর ভক্ত ও আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ছিলেন। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই তিনি বন্ধুদের সঙ্গে কদমতলা এলাকায় বড় পর্দায় উপভোগ করেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার ভোরেও কদমতলা এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখতে যান তিনি। খেলা শুরুর আগে বন্ধুদের নিয়ে সেখানে নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল। তবে খেলার শেষ বাঁশি বাজতেই ঘটে বিপত্তি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেলে প্রচ- মানসিক কষ্টে ভেঙে পড়েন লালটু। থমথমে মন নিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পরেই হঠাৎ তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন। একপর্যায়ে স্বজনরা কিছু বুঝে ওঠার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।