রাজশাহীর তানোরে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকাসহ রাজু আহমেদ (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ব্রাহ্মণজয় গ্রামের আকরামের বসতবাড়ি থেকে শংকরপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, মাদকের বিরুদ্ধে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

