কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, সাইদুর রহমান জাল সনদে ওই মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। এ ঘটনায় জনস্বার্থে আদালতে মামলা হলে আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত অভিযুক্ত সাইদুর রহমানকে আদালতে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ওয়ারেন্টের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

