বাংলাদেশে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার লক্ষ্যে রাজশাহী কলেজের কলা ভবনে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর রাজশাহী আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে মোট ২০ জনকে জাতীয় পর্বের জন্য নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। আয়োজক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আতিক জানান, এই অলিম্পিয়াডের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি ও বিজ্ঞানমনস্ক জাতি গঠন করাই তাদের মূল লক্ষ্য।

