সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে বৃষ্টি হানা দিয়েছে। ফলে প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৪৫ ওভার, যেখানে জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২১১ রান। গতকাল রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়ানো শেষ টেস্ট কত দিনের হবে, তা নিয়েও অনেক আগ্রহ রয়েছে মানুষের, যেখানে টস জিতে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের দল ব্যাটিংয়ে নামে। বিপরীতে স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি কিছুটা বিশেষ। তাদের তারকা ব্যাটার উসমান খাজা এই টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন। ফলে তিনি মাঠেও হাজির হন সপরিবারে। ১৫ বছর আগে সিডনিতেই তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। খেলা শুরুর আগে ব্যতিক্রমী আয়োজন ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও সিডনি গ্রাউন্ড কর্তৃপক্ষের। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বন্দি বিচ এলাকায় নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে গিয়ে বীরত্ব দেখানো ব্যক্তিদের সিডনিতে গার্ড অব অনার দেন দুই দলের ক্রিকেটাররা। এরপর ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি চতুর্থ টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়ানো ইংল্যান্ডের। ৫৭ রানে ৩ উইকেট হারানো দলটিকে টেনে তুলতে রুট-ব্রুক মিলে ১৫৪ রানের জুটি গড়েন। দিন শেষে ব্রুক ৭৮ ও রুট ৭২ রানে অপরাজিত আছেন।
যথারীতি আগ্রাসী ব্যাটিংয়ে শুরুটা করেছিলেন দুই সফরকারী ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি। যে মিচেল স্টার্ককে ৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন ডাকেট, তার বলেই তিনি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এর আগে ২৪ বলে করেছেন ২৭ রান। ১৬ রান করা ক্রাউলিকে ফেরান মাইকেল নেসার। অল্প সময়ের ব্যবধানে জ্যাক বেথেল ১০ রান করে ফেরায় ইংল্যান্ড ৫৭ রানে তৃতীয় উইকেট হারায়। এরপর বৃষ্টিতে বিঘœ সৃষ্টির আগপর্যন্ত সফরকারীদের স্বস্তিতে রেখে ১৫৪ রানের জুটি গড়েন ব্রুক-রুট। অস্ট্রেলিয়ার পক্ষে এখন পর্যন্ত একটি করে উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক, মাইকের নেসার ও স্কট বোল্যান্ড।

