ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। তারা ২-০ গোলে হারাল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। ওমর মারমুশ ও আঁতোয়ান সেমেনিওর করা গোলে জয়খরা কাটিয়ে উঠে কোচ পেপ গার্দিওয়ালার দল। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল ম্যানসিটি। ২৩ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট এখন ৪৬। অন্যদিকে, ৮ পয়েন্ট নিয়ে অবস্থান লিগ টেবিলের তলানিতে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেলে আর্সেনাল আবারও ম্যানসিটির বিপক্ষে সাত পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে।
আফ্রিকা কাপ অব নেশনস শেষে প্রথমবারের মতো সিটির একাদশে ফিরে আর্লিং হালান্ডের জায়গায় খেলেন মারমুশ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই সিটিকে এগিয়ে নিয়ে দেখা পান চলতি মৌসুমে নিজের প্রথম লিগ গোলটি। ডান দিক থেকে ম্যাথিউস নুনেসের বাড়ানো ক্রস দারুণভাবে জালে জড়ান মিশরীয় ফরোয়ার্ড। সদ্যই বোর্নমাউথ থেকে যোগ দেওয়া আঁতোয়ান সেমেনিও প্রথমার্ধের যোগ করা সময়ে সিটির লিড দ্বিগুণ করেন। ডানপাশ থেকে বার্নার্দো সিলভার পাস পেয়ে এক টাচে বল সেট করে জোসে সা’র নাগালের বাইরে নিচু শটে গোল করেন তিনি। জয়টি প্রিমিয়ার লিগে প্রায় এক মাস পর পাওয়া ম্যানচেস্টার সিটির। এর আগে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ জয়ের পর তিনটি ড্র ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বি হারে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছিল তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন