চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচ খেলে প্রতিটিতে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে তারা। এতে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠল প্রোটিয়ারা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরব আমিরাত ৬ উইকেটে ১২২ রান তোলে। জবাবে ৪০ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এতে ‘ডি’ গ্রুপে সব ম্যাচ জিতে মোট ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দল বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে খেলছে তারা। তাদের সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিউজিল্যান্ডও নিশ্চিত করেছে সুপার এইট। চারটি গ্রুপে প্রতিটি থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। অর্থাৎ ডি গ্রুপ থেকে বাকি তিন দল আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডার বিদায় নিশ্চিত। পাঁচ দলের এই গ্রুপে চতুর্থ স্থান নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ^কাপ অভিযান শেষ করল আমিরাত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করা আরব আমিরাতের ইনিংস আসলে কখনোই তেমন একটা গতি পায়নি। যদিও প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ৩০ তুলে ফেলেছিল তারা। কিন্তু ওই পর্যন্তই। এরপর টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংটা তারা করতে পারেনি। সর্বোচ্চ ৩৮ বলে ৪৫ করেন আলিশান শরাফু। ১২ বলে ২২ করেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ২৮ রানে ২ উইকেট পেসার আনরিখ নর্কিয়ার। টি-টোয়েন্টি বিশ^কাপে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার দৌড়ে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার ঘাড়ে নিশ^াস ফেলছেন নর্কিয়া। ৩১ ইনিংসে ৩৮ উইকেট নেওয়া মালিঙ্গা পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি। ২০ ইনিংসে ৩৭ উইকেট নেওয়া নর্কিয়া এ তালিকায় দ্বিতীয়। আরেক পেসার করবিন বশ নেন ১২ রানে ৩ উইকেট। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস নির্ধারিত সময়ে শুরু হয়নি। আধাঘণ্টার বেশি সময় বিরতির পর ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের হয়ে ২৫ বলে ৩৬ করেন ডেভালদ ব্রেভিস। রায়ান রিকেলটনের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩০। ১১ বলে ২৮ করেন মার্করাম।
সংক্ষিপ্ত স্কোর
আরব আমিরাত : ২০ ওভারে ১২২/৬ (শরাফু ৪৫, ওয়াসিম ২২, আর্যাংশ ১৩; বশ ৩/১২, নর্কিয়া ২/২৮, লিন্ডে ১/১৭)।
দক্ষিণ আফ্রিকা : ১৩.২ ওভারে ১২৩/৪ (ব্রেভিস ২৬, রিকেলটন ৩০, মার্করাম ২৮, ডি কক ১৪; আরফান ১/১৬, ফারুক ১/১৯, জাওয়াদউল্লাহ ১/২০)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : করবিন বশ (দক্ষিণ আফ্রিকা)।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন