স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় হেক্টর বেয়েরিনের করা গোলে জয়বঞ্চিত হয় ‘লস ব্লাঙ্কোস’রা। এই ড্রয়ের ফলে শিরোপার দৌড়ে বার্সেলোনার পথ আরও মসৃণ হলো। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। খেলার ১৭ মিনিটেই লিড নেয় রিয়াল মাদ্রিদ।
ফেদেরিকো ভালভার্দের একটি শক্তিশালী শট বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস ঠিকমতো রুখতে না পারলে ফিরতি বলে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদ। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল বেতিস। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার আন্তোনি বারবার মাদ্রিদ রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করেন। তবে ইনজুরি আক্রান্ত থিবো কোর্তোয়ার পরিবর্তে মাঠে নামা গোলরক্ষক আন্দ্রি লুনিন ছিলেন প্রাচীরের মতো অটল। আন্তোনি ও সেড্রিক বাকাম্বুর একাধিক নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে দেন এই ইউক্রেনীয় গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে বল জালে জড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ম্যাচের শেষ দিকে এমবাপে নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করলে কপালে চিন্তার ভাঁজ পড়ে মাদ্রিদ সমর্থকদের। আসন্ন বিশ্বকাপের আগে ফরাসি তারকার এই সম্ভাব্য চোট বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখলেও স্টপেজ টাইমে সব হিসেব ওলটপালট করে দেন হেক্টর বেয়েরিন। ডি-বক্সের ভেতরে আন্তোনিও রুডিগার একটি ক্রস ব্লক করলেও বল পেয়ে যান বেয়েরিন। জোরালো শটে বল জালে জড়িয়ে বেতিসকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন সাবেক এই বার্সেলোনা ডিফেন্ডার। বর্তমানে বার্সেলোনা এক ম্যাচ কম খেলে টেবিলের শীর্ষে রয়েছে এবং রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন