সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ডাকাত দলের মূলহোতাও রয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে এয়ারপোর্ট থানার চৌখিদেখী বাঁশবাড়ি গলির রংধনু-২০০/৬ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ৬টি রামদা, ৩টি বড় আকারের ছুরি, ৬টি লোহার পাইপ এবং ১টি কাঠের রোল উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন রাত ৪টার দিকে এয়ারপোর্ট থানার খাসদবীর এলাকা থেকে ডাকাত দলের মূলহোতা ইসতিয়াক রহমান রাজুকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: ইসতিয়াক রহমান রাজু (৩২), বাবর আহমেদ (৩৫), মো. জুয়েল (৩৪), শাহীদ উস সামাদ (৩৫), মো. সজীব হোসেন (২৭), রায়হান আহমেদ (৩৯) এবং তানভীর মাহতাব (২৮)।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন