জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তার মাথার বাঁ পাশে গুলিটি লেগেছে বলে জানা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
খুলনা জেলা এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে এসে মোতালেব শিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, মোতালেব শিকদার স্থানীয় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রিক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে।’
এনসিপি খুলনা জেলার সাবেক সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, মোতালেব শিকদারকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন