চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত এলাকা থেকে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাত প্রায় ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন সময় পাসপোর্টবিহীনভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। পরে তারা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে ফেরার চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবির হাতে আটক হন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পরিচয়, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান। যাচাই শেষে জিডি মূলে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন