সিলেটের গোলাপগঞ্জে একটি ইটভাটার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে র্যাব মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ থানাধীন মুরাদপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন তথ্য পায় যে, উপজেলার মজিদপুর এলাকার হাজী শুকুর মিয়া ব্রিকস-১ ইটভাটার ভেতরে একটি অবৈধ অস্ত্র রাখা রয়েছে।
খবর পাওয়ার পর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইটভাটায় তল্লাশি চালান। এ সময় ভাটার ভেতরে পুরাতন ইটের একটি খামালের ওপর ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত পাইপগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পাইপগানটি গোলাপগঞ্জ থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


-20251225105134.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন