ঝালকাঠির রাজাপুরে কনকনে ঠান্ডায় ৫০০ টাকার বাজি ধরে খালে ১০০ বার ডুব দেওয়ার পর মো. বাবুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া কাচারিবাজার সংলগ্ন খালে এই ঘটনা ঘটে।
বাবুল মোল্লা বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. আনসার আলী মোল্লার ছেলে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, সকালবেলায় বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁছারি বাজারে আসেন। শীতের সকালে পরিশ্রমের কারণে শরীর গরম হয়ে গেলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে টানা ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন।
খালে ডুব দেওয়ার পর পাড়ে উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করেন। পরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথারমিয়া হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন