বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রদল নেতার দায়ের করা মামলায় গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন উপজেলার দেউরিয়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর মধ্যরাতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতী গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল বের করে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ সময় তারা মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়।
হঠাৎ ককটেলের বিকট শব্দ শুনে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বাইরে এসে প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় গত ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে ধুনট থানায় একটি মামলা করেন।
মামলায় আনোয়ার হোসেনের নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আলম জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন